পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার নামে কৃষি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন
প্রতিথযশা পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার নামে নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এজন্য ‘ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, গত ২৮ অগাস্ট ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইনের নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এখন এটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয় পড়ানো হবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী এম ওয়াজেদ মিয়া। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আবদুল কাদের মিয়া ও ময়জান নেছার সন্তান ওয়াজেদ মিয়া ‘সুধা মিয়া’ নামে বেশি পরিচিত ছিলেন। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকে (সম্মান) প্রথম শ্রেণিতে তৃতীয় ও ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন।
ওয়াজেদ মিয়া ১৯৬৭ সালে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দেন। পরে কমিশনের চেয়ারম্যানও হন। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ওয়াজেদ মিয়া ১৯৬১ সালে ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি ছিলেন।
১৯৬৭ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে বিয়ে হয় তার। বেশ কয়েকটি বইও লিখেছেন ওয়াজেদ মিয়া। ২০০৯ সালের ৯ মে রাজধানী ঢাকায় ইন্তেকাল করেন তিনি।







